চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে ব্যাপক সাফল্য অর্জন করেছে উপজেলা মৎস্য দপ্তর। ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরিচালিত ৯টি অভিযানে ১.৮ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ, ০.১৫০ মেট্রিক টন জাটকা উদ্ধার এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে মাঠ পর্যায়ে সহায়তা করে বাংলাদেশ কোস্টগার্ড, মোহনপুর আউটপোস্ট। উদ্ধারকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতিদিন বাজার, আড়ৎ ও মাছঘাট পরিদর্শনের মাধ্যমে জাটকা বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ।
অভিযানগুলো পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা রক্ষা না করলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, যাতে কেউ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ বা বিক্রি করতে না পারে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এটি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে আছে।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ জুন ২০২৬ পর্যন্ত জাটকা সংরক্ষণ কার্যক্রম চলবে। এই সময়ে অবৈধভাবে জাটকা ধরা, পরিবহন বা বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মেঘনা ও ধনাগোদা নদী এলাকায় জাটকা সংরক্ষণে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানের ফলে নদীতে জাটকা আহরণ অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা ও মৎস্য কর্মকর্তারা।