চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মেঘনা নদীতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে পৃথক ৬টি মৎস্য আইনের মামলায় ১০ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) মধ্য রাত থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করে নৌ পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জজ মিয়া গাজী (৬০), মো. শাহিন মৃধা (৩৭), মো. আমির (৪০), মো. সবুল্লাহ (৩২), মো. জহির ইসলাম (৩৯), মো. মোশারফ শেখ (৪৭), নুর জালাল (৫৫), মো. নেয়মত উল্লাহ (৫৪), মো. হৃদয় (২৮) ও মো. রনি (২৭)। তারা মতলব উত্তর উপজেলা ও দেশের বিভিন্ন এলাকার।
অভিযান সম্পর্কে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নিয়মিত টহল ও অভিযান চলছে। আইন অমান্য করে যারা মাছ ধরছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই, সবাই সচেতন হয়ে সরকারের এই অভিযানকে সফল করুক।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ এখন জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। প্রশাসন, মৎস্য বিভাগ ও স্থানীয় জেলেদের সমন্বয়ে এই অভিযান অব্যাহত থাকবে।