চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে গ্রামীণফোনের ১০৪টি চোরাই মোবাইল সিমসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মতলব উত্তর থানা পুলিশ।
জানা যায়, বুধবার থানার এসআই আবুল কালাম আজাদ ও তার ফোর্স এখলাসপুর এলাকায় অভিযান পরিচালনা করেন তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাকিবুল হাসান ওরফে মিন্টু, মো. সোহেব বিন আবদুল্লাহ, মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. রাব্বী মুন্সি। তারা চাঁদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উদ্ধারকৃত সিমগুলোর বাজারমূল্য প্রায় ২০,৫০০ টাকা। পুলিশের ধারণা, এসব সিম প্রতারণাসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছিল। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, থানার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনে আমরা সবসময় সচেষ্ট। চোরাই মোবাইল সিম দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে আমরা তৎপর হই। এই ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মতলব উত্তরকে নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।