চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বড়হলদিয়া গ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় উদ্যোগে আয়োজিত এ সভায় ‘‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী কার্যক্রম গ্রহণ ও মাদক বিরোধী প্রচারণা’’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা সভায় সঞ্চালনা করেন মোহাম্মদ আলী মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই জাফর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়নের বিট অফিসার এসআই দেলোয়ার হোসেন। এছাড়াও এএসআই মনির, সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি মফিজুল ইসলাম, শিল্পপতি রানা সোবহান এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় বক্তারা মাদকের কুফল, আসক্তির ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধের কার্যকর উপায় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিটি পরিবার থেকে মাদকবিরোধী অবস্থান নিতে হবে।
সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব আব্দুর রশিদ প্রধান। তিনি বলেন, প্রয়োজনে এলাকাবাসী মিলে পাহারা দেবো, কিন্তু কাউকে মাদক সেবন বা বিক্রির সুযোগ দেওয়া হবে না।
আলোচনা সভায় আরও আলোচনায় উঠে আসে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি, যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, আসক্তদের পুনর্বাসনসহ মানসিক স্বাস্থ্য সহায়তার বিষয়গুলো।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রনি শিকদার ও কাওছার আহমেদ।