দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে গত এক বছরে প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার অবৈধ পণ্য, নিষিদ্ধ জাল ও মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র এবং ৪ হাজার ৬৬৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এসব ঘটনায় ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি ১৫ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার এবং পাচারের শিকার ২৯৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় বাহিনীটি।
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য
মাদকবিরোধী অভিযানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩৮ লাখ ৯২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া ৬৯ লাখ টাকা মূল্যের ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ লাখ অবৈধ সিগারেট এবং ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ২৬ হাজার লিটার মদ জব্দ করা হয়। এসব ঘটনায় ৬৭০ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বন্দর নিরাপত্তা ও আন্তর্জাতিক স্বীকৃতি
কোস্টগার্ড জানায়, বন্দর এলাকার নিরাপত্তা জোরদারের ফলে বহির্নোঙর এলাকায় দস্যুতা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। সমুদ্রবন্দরের নিরাপত্তা রেটিং আগের তুলনায় উন্নত হয়েছে। তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ এবং বিএলপিজি সোফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোস্টগার্ড দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে বাহিনীটি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) থেকে ‘লেটার অব কমেন্ডেশন-২০২৫’ অর্জন করেছে।
মৎস্য সম্পদ রক্ষায় অভিযান
মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালিত অভিযানে এক বছরে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ পিস রেণু, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি-পুশ করা চিংড়ি, ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল এবং ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড ‘রৌপ্য পদক-২০২৫’ অর্জন করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাজেটের তুলনায় বহুগুণ সাফল্য
প্রসঙ্গত, বাংলাদেশ কোস্টগার্ডের বার্ষিক বাজেট প্রায় ৭০০ কোটি টাকা। এর বিপরীতে গত এক বছরে তাদের অভিযানে জব্দকৃত মালামালের আর্থিক মূল্য প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকা—যা বাজেটের তুলনায় বহুগুণ বেশি বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।