চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মুফতি ড্রাইভিং স্কুলের এক মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রশিক্ষণার্থীদের সম্মানে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর থানার রামদাশপুর নতুন বাজারস্থ হোয়াইট হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোট ১৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করেন।
অনুষ্ঠানের আয়োজন করেন মুফতি ড্রাইভিং স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ জমির উদ্দিন মুফতি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শাহিন শিকদার, সাকিবসহ কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, আগে গাড়ি চালানো শিখতে আমাদের ঢাকায় গিয়ে তিন মাসের বেশি সময় থাকতে হতো। এখন এলাকায় থেকেই মানসম্মত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছি মুফতি ড্রাইভিং স্কুলের মাধ্যমে। আমাদের শিক্ষক জমির উদ্দিন মুফতির অবদান অসাধারণ। তিনি ধৈর্য ও ভালো ব্যবহার দিয়ে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন মোহনপুর মাঠ থেকে শুরু করে বেড়িবাঁধ হয়ে চাঁদপুর হাইওয়েতেও হাতে-কলমে শিক্ষা দিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তব্যে প্রশিক্ষক মো. জমির উদ্দিন মুফতি বলেন, আপনাদের মধ্যে কেউ প্রবাসে যাবেন, কেউ চাকরিজীবী, কেউ আবার শিক্ষার্থী যেখানেই গাড়ি চালান না কেন, সব সময় সাবধানতার সঙ্গে চালাবেন। আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নাম নিয়ে চলবেন। আমার দোয়া সবসময় আপনাদের সঙ্গে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরনো রেন্ট-এ-কার চালক মো. ইকবাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জমির উদ্দিন মুফতি যেভাবে গাড়ির বিভিন্ন পার্টসের কার্যকারিতা ও তেল পরিবর্তনের বিষয়ে আপনাদের সচেতন করেছেন, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। আমি শুনেছি, তার ব্যবহার অত্যন্ত ভালো এই গুণটি যেন তিনি সবসময় ধরে রাখেন।
শেষে সভাপতি মুফতি ড্রাইভিং স্কুলের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।