চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে হত্যা ও ডাকাতি মামলার নাহিদ গাজী নামে এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, এসআই একে এম ইউনুছ, এসআই মিজানুর রহমান-৩, এসআই জাফর আহমেদ ও এসআই দেলোয়ার হোসেন-১ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোহনপুর ইউনিয়নেরর মোহাম্মদপুর (গাজী বাড়ি) গ্রামের হান্নান গাজীর ছেলে মো. নাহিদ গাজী (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামি নাহিদ গাজীর বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও দুটি ডাকাতি মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ। আসামীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত নাহিদ গাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে এলাকায় সক্রিয় ডাকাত দলের একজন সদস্য এবং একাধিক হত্যা মামলার মূল অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। মতলব উত্তর থানা পুলিশ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, অপরাধীরা যেই হোক না কেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।