চাঁদপুরের মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও চীফ লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. আবদুল আলীম। তিনি বলেন, বর্তমান সরকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। কিন্তু অনেক মানুষ এখনও এ সেবা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তাই তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠকের মতো কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজসেবক ফয়েজ তাতী, সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন সুলতানা রানী, ইউপি সদস্য আব্দুস সাত্তার বেপারী, সায়েদুল রহমান সিপলু এবং মতলব উত্তর থানার এসআই রেজাউল করিম।
বক্তারা বলেন, সরকারি আইনগত সহায়তা কর্মসূচির আওতায় আর্থিকভাবে অস্বচ্ছল, অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিরা বিনামূল্যে আইনি পরামর্শ, আইনজীবী নিয়োগসহ বিভিন্ন ধরনের আইনগত সহায়তা পেয়ে থাকেন। পাশাপাশি পারিবারিক বিরোধ, নারী ও শিশু নির্যাতন, জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির সুবিধাও গ্রহণ করা যায়।
এ সময় অংশগ্রহণকারীদের সরকারি আইনগত সহায়তা পাওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম এবং হেল্পলাইনের মাধ্যমে ২৪ ঘণ্টা বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণের সুযোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
উঠান বৈঠকের প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথি মো. আবদুল আলীম স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন আইনগত সমস্যার বিষয়ে প্রশ্নের উত্তর দেন এবং সরকারি আইনগত সহায়তা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।