চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহে ৯ জন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২০ জুন) মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) রাতে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাকিব সরকার ওরফে কাবিলা (২৪), মামুন গাজী (৩৯), ইকবাল হোসেন (২৮), ফারুক ঢালী (৩৯), নয়ন কাজী (৩২) ও মাজহারুল ইসলাম মিঠু (৪০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে মতলব উত্তর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে অভিযানের সময় সন্দেহভাজন ৯ জন কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সতর্ক করে প্রকৃত অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।