চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়নের সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। একই সঙ্গে ড. জালাল উদ্দিন তাঁর নির্বাচনী এলাকা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন সুযোগ-সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়গুলো রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।
এ সময় তিনি চাঁদপুর-২ আসনের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শনের জন্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু বলেন, মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেছেন। একই সঙ্গে এলাকাটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের যোগাযোগ ও মতবিনিময় এলাকার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।