প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সরকারি ও বেসরকারি উভয় পর্যায় মিলিয়ে উপজেলায় মোট ১৯২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ট্যালেন্টপুল (সরকারি) বৃত্তি পেয়েছে ৮৫ জন, ট্যালেন্টপুল (বেসরকারি) বৃত্তি পেয়েছে ৭ জন। এছাড়া সাধারণ (সরকারি) বৃত্তি অর্জন করেছে ৮৯ জন এবং সাধারণ (বেসরকারি) বৃত্তি পেয়েছে ১১ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করে। এ বছর সারা দেশে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত সিদরাতুল মুনতাহা জানায়, বড় হয়ে সে একজন দক্ষ চিকিৎসক (ডাক্তার) হতে চায়। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই তার স্বপ্ন। সেই লক্ষ্য পূরণে ভবিষ্যতেও মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায় সে।
ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত তাহমিদ হাসান শুভ জানায়, সে বড় হয়ে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করাই তার লক্ষ্য।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, এই সাফল্য শুধু তাদের সন্তানের নয়, পুরো মতলব উত্তর উপজেলার জন্য গর্বের। সন্তানদের এমন অর্জনে তারা আনন্দিত ও অনুপ্রাণিত। তারা জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেন আরও ভালো ফল করে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারে, সে জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেন।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের উপজেলার শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফলাফল করেছে। তাদের এই অর্জনে আমরা আনন্দিত। সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও তারা আরও ভালো ফল করবে বলে আশা করছি। এ সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে।