গণমাধ্যমকর্মীদের ফোনকল রিসিভ না করার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন। ওসির এমন ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা।
জানা গেছে, সম্প্রতি কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসানের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন সংবাদকর্মী বাবলু মিয়া। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংবাদকর্মীদের ফোনকল রিসিভ না করার ঘোষণা দেন ওসি। থানায় গিয়ে সংবাদ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য একরামুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কোটচাঁদপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার, বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোমিন মনোয়ার এবং দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল।
কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার বলেন, “বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা ছিল। ওই সভায় কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান স্থানীয় সংবাদকর্মীদের কোনো ফোনকল রিসিভ করবেন না বলে ঘোষণা দেন। এতে আমরা উদ্বিগ্ন।”
এ বিষয়ে জানতে চাইলে ওসি মেহেদী হাসান বলেন, “কথা আপনাদের সঙ্গে কীভাবে বলব বলেন। আপনারা আমার অনুমতি ছাড়া মোবাইল কল রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেবেন। এটা তো ঠিক না। সেটা করেছেন। এ কারণে আমি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি।”
ওসি আরও বলেন, “আমি তো আমার মতো করে ব্যবস্থা নেব। কিন্তু আমার দাবি, আপনারা তাঁর বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেন।”