রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতের হামলায় দেশটির ১৬টি অঞ্চলে মোট ১ হাজার ৩৩৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এক রাতে এত বেশি ড্রোন ভূপাতিত করার দাবি এর আগে করা হয়নি।
আজ ১৬ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলও এ হামলার লক্ষ্যবস্তু ছিল। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দাবি, রোববার সন্ধ্যা থেকে মস্কো অঞ্চলের দিকে প্রায় ৬০০টি ইউক্রেনীয় ড্রোন পাঠানো হয়। এর মধ্যে ১৯১টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণসাগর ও আজভ সাগরের জলসীমার ওপর দিয়ে আসা ড্রোনও প্রতিহত করা হয়েছে। হামলার সময় ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক ও রেলসেতুতেও আঘাত লাগে। রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ এ তথ্য জানান। সেতুটির ক্ষয়ক্ষতিকে সামান্য বলে উল্লেখ করেছে ক্রেমলিন। মেরামতের জন্য সড়ক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলেও রেল চলাচল অব্যাহত ছিল।
রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, হামলার পর আজভ এলাকার চারটি শিল্প স্থাপনায় আগুন লাগে। ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি এলাকার একটি শিল্প স্থাপনাতেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ওই এলাকায় একটি তেল শোধনাগার রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন।
ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এসব হামলায় রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতার অর্ধেকেরও বেশি অকার্যকর হয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, এ দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অন্যদিকে শিল্প খাতের দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে।
এদিকে রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণে বেসামরিক অবকাঠামো ও জ্বালানি সরবরাহব্যবস্থা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।
সম্প্রতি আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও ভূখণ্ডসহ যুদ্ধের মূল বিরোধপূর্ণ বিষয়গুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বন্দিবিনিময়ের বিষয়ে সমঝোতা হলেও যুদ্ধ বন্ধের কোনো চূড়ান্ত পথ তৈরি হয়নি। ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক সংঘাতও আরও তীব্র হচ্ছে।