শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত গাজার বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি।
চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, প্রায় ১ লাখ ৫০ হাজার তাঁবু এবং অন্যান্য জরুরি সহায়তা সামগ্রী সীমান্তে আটকে রয়েছে। এসব সামগ্রী দ্রুত গাজায় প্রবেশ করতে না দিলে শীতের সময় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হতে পারে।
গতকাল ১৫ নভেম্বর প্রকাশিত যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, গাজায় শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে। সাম্প্রতিক বন্যা ও ঝড় পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, শীত মৌসুমের প্রথম ঝড়েই বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে আরও বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা থাকায় জরুরি ভিত্তিতে তাঁবু, আশ্রয় উপকরণ, পানি ও অন্যান্য সহায়তা পৌঁছানো প্রয়োজন।
বিবৃতিতে ইসরায়েল সরকারকে সীমান্ত পারাপারের বিলম্ব বন্ধ করে গাজাজুড়ে দ্রুত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়া এবং মানবিক কার্যক্রম ও পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কিছু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। বৃষ্টির পানি, নোংরা পরিবেশ ও অপর্যাপ্ত পয়োনিষ্কাশনব্যবস্থার কারণে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
চার দেশের বিবৃতিতে সব পক্ষকে গাজার জন্য ঘোষিত সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন, যুদ্ধবিরতি মেনে চলা এবং আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়ায় ইসরায়েলবিষয়ক নীতির সমালোচকেরা বলেছেন, শুধু বিবৃতি দিয়ে পরিস্থিতির পরিবর্তন হবে না; প্রয়োজন কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ। ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি গাজায় খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয় সহায়তা পৌঁছাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে। তবে সীমান্তে আটকে থাকা সহায়তা সামগ্রী দ্রুত প্রবেশের অনুমতি না পেলে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শীতকালীন বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয়, সুপেয় পানি, চিকিৎসা ও স্যানিটেশন নিশ্চিত করা এখন জরুরি মানবিক প্রয়োজন।