November 26, 2026, 8:41 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান

রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) :

বাগানে প্রবেশ করলেই তাঁর মনে হয়, যেন মায়ের কাছেই ফিরে এসেছেন। মায়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই বাগান এখন তাঁর ভালোবাসার পাশাপাশি আয়েরও অন্যতম উৎস। গত তিন বছরে বাগান থেকে প্রায় ১০ লাখ টাকার ছবেদা ফল বিক্রি করেছেন তিনি। চলতি বছরও প্রায় ১০ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন। ফলের ভালো উৎপাদন ও বাজারে সন্তোষজনক দাম পেয়ে খুশি এই চাষি।
বলছিলাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নারানবাড়িয়া গ্রামের চাষি আজিজুর রহমানের (৫০) কথা। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তাঁর মা ছবেদা বেগম এখন আর বেঁচে নেই। তবে মায়ের নামেই গড়ে তোলা ছবেদার বাগান যেন আজও তাঁকে মায়ের সান্নিধ্যের অনুভূতি দেয়।
জানা যায়, কৃষিকাজই আজিজুর রহমানের জীবিকার প্রধান অবলম্বন। জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন মাঠে-ঘাটে। ধান, পাটসহ বিভিন্ন ফসলের পাশাপাশি চাষ করেছেন ড্রাগন ফল, আম, কলা, পেঁপে ও তরমুজ। নতুন নতুন ফসলের চাষে তাঁর আগ্রহ বরাবরই বেশি। সেই আগ্রহ থেকেই শুরু করেন ছবেদা ফলের চাষ।
২০১৯ সালের দিকে সাতক্ষীরায় বেড়াতে গিয়ে একটি নার্সারিতে ছবেদা ফলের গাছ দেখে মুগ্ধ হন তিনি। গাছে একসঙ্গে ফুল, কুঁড়ি ও ফল দেখে বাণিজ্যিকভাবে চাষের পরিকল্পনা করেন। পরে সেখান থেকে চারা সংগ্রহ করে নিজের ৫০ শতক জমিতে ৮০টি ছবেদা গাছ রোপণ করেন। বর্তমানে গাছগুলোর বয়স প্রায় ছয় বছর। গত তিন বছর ধরে এসব গাছ থেকে ফল সংগ্রহ করে বিক্রি করছেন তিনি।
আজিজুর রহমান জানান, বাগান করার সময় অনেকেই তাঁকে নিরুৎসাহিত করেছিলেন। কেউ কেউ তাঁকে পাগলও বলেছিলেন। কিন্তু কারও কথায় পিছিয়ে না গিয়ে বাগানের পরিচর্যা চালিয়ে যান। এখন সেই বাগানই তাঁর পরিশ্রমের সাফল্য এনে দিয়েছে। গত তিন বছরে প্রায় ১০ লাখ টাকার ফল বিক্রি করেছেন। চলতি বছর গাছে প্রচুর ফল ধরেছে। উৎপাদন গত বছরের তুলনায় দ্বিগুণ হতে পারে বলে আশা করছেন তিনি।
চাষি আজিজুর রহমান বলেন, ‘২০১৯ সালের দিকে সাতক্ষীরায় একটি নার্সারিতে ছবেদা ফলের গাছ দেখে ভালো লাগে। তখনই সিদ্ধান্ত নিই, এই ফলের চাষ করব। আর আমার মায়ের নামও ছবেদা বেগম। মায়ের স্মৃতি ধরে রাখতেই মূলত এই বাগান করা। বাগানে এলে মনে হয়, আমি যেন মায়ের কাছেই আছি।’
তিনি আরও বলেন, ‘শুরুতে অনেকে আমাকে পাগল বলেছিলেন। কিন্তু আমি তাঁদের কথায় কান দিইনি। নিজের মতো করে বাগানের পরিচর্যা করেছি। এখন তার ফল পাচ্ছি। গত তিন বছরে প্রায় ১০ লাখ টাকার ছবেদা বিক্রি করেছি। এ বছরও প্রায় ১০ লাখ টাকার ফল বিক্রির আশা করছি।’
ছবেদা চাষের সুবিধার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই গাছে অন্যান্য ফলের গাছের তুলনায় রোগবালাই কম হয়। আমি বাগানে মূলত কম্পোস্ট সার ব্যবহার করি। গাছের ঝরে পড়া পাতা পচে প্রাকৃতিকভাবেই জৈব সার তৈরি হয়। ফলে বাড়তি সারের প্রয়োজনও তুলনামূলক কম।’
বাজারজাতকরণ প্রসঙ্গে আজিজুর রহমান বলেন, স্থানীয় বাজারেই ছবেদা ফলের ভালো চাহিদা রয়েছে এবং দামও পাওয়া যায়। ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনায় পাঠালে আরও বেশি দাম পাওয়া সম্ভব। তবে তিনি চান, তাঁর উৎপাদিত ফল স্থানীয় বাজারেই বেশি বিক্রি হোক। এতে এলাকার মানুষ পুষ্টিকর এই ফল খাওয়ার সুযোগ পাবেন এবং স্থানীয়ভাবে ছবেদার চাহিদাও বাড়বে।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ছবেদা গাছ লাগানোর দুই বছর পর থেকেই ফল সংগ্রহ ও বিক্রি করা সম্ভব। রোগবালাই কম এবং রাসায়নিক সারের ব্যবহারও তুলনামূলক কম লাগে। কেউ বাণিজ্যিকভাবে ছবেদা চাষ করতে চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবেন বলেও জানান তিনি।
কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন বাড়িতে বিচ্ছিন্নভাবে ছবেদা গাছ থাকলেও বাণিজ্যিকভাবে ছবেদা চাষ করেছেন নারানবাড়িয়া গ্রামের আজিজুর রহমান। ইতোমধ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁর বাগান পরিদর্শন করা হয়েছে। বাগানে প্রায় ৮০টি গাছ রয়েছে এবং প্রতিটি গাছ থেকেই তিনি ফল সংগ্রহ করছেন। বাজারেও ভালো দাম পাচ্ছেন।
তিনি আরও বলেন, ছবেদা একটি দীর্ঘজীবী ফলজ গাছ। এটি পুষ্টিগুণসমৃদ্ধ, সুস্বাদু ও মিষ্টি ফল। কোটচাঁদপুরে ছবেদার বাণিজ্যিক চাষাবাদ আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলে আশা করছি।
মায়ের স্মৃতিকে বুকে ধারণ করে গড়ে তোলা আজিজুর রহমানের এই ছবেদা বাগান এখন শুধু একটি ফলের বাগান নয়, বরং তাঁর ভালোবাসা, আবেগ ও পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা