বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, চিফ প্রসিকিউটর (বিজিবি) ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বোরহান উদ্দিন বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে যে সকল বিদ্যালয় এখনো এমপিওভুক্ত হয়নি সেগুলোকে এমপিওভুক্ত করা হবে। শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার সুযোগ এলে আর জাতীয়করণের দাবি তুলতে হবে না। কারণ তারেক রহমান বেসরকারি শিক্ষকদের সব দু:খ-দুর্দশার খবর রাখেন এবং তিনি অত্যন্ত আন্তরিক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন আরও বলেন, নতুন শিক্ষার্থীদের মাধ্যমে কলেজে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তোমাদের স্বপ্ন পূরণ ও সফল মানুষ হয়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও আদর্শকে ধারণ করতে হবে। শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য।
সুজাতপুর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট ও শহীদ জিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা একেএম মোয়াজ্জেম হোসেন এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী।
কলেজের প্রভাষক নুরুন্নাহার আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুজাতপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. আক্তার হোসেন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আফজাল হোসেন ও নেছার উদ্দিন, সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালেহা বেগম, অভিভাবক নুরুল আমিন পাটোয়ারী ও নুরুন নাহার নাজনীন।
এছাড়া নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেরিন আক্তার ও মারিয়া আক্তার।