চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মতলব অঞ্চল থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সচেতনামূলক সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, আমার নির্বাচনী ওয়াদা ছিল চাঁদপুর-২ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা। ইতোমধ্যে সারাদেশে মাদকবিরোধী আন্দোলন শুরু হয়েছে। আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার নির্দেশনা অনুযায়ী মতলবেও সচেতনতা কার্যক্রম চালু হয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মতলব থেকে মাদক ব্যবসায়ীদের বিতাড়িত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের ক্ষতিই করে না, একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজকে এই ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় তিনি চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ইভটিজিংকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর যুব দলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলে ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে মাদকবিরোধী একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা ছেংগারচর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।