আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মধ্যনগর উপজেলার মধ্যবাজারে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবে হায়াত। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন — ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) জননেতা কামরুজ্জামান কামরুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, মধ্যনগর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আবুল বশার, তৃতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত ও জুলফিকার আলী ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমদ হুমায়ুন রশীদ রুবেল, মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাজেবুল হক ও রায়হান উদ্দিন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনাদের দোয়া, ভালোবাসা ও আশীর্বাদই আমার একমাত্র চাওয়া। আমি টাকা-পয়সা চাই না—আমি আপনাদের কামরুল হয়েই থাকতে চাই।”
তিনি আরও বলেন,“আগামী ১২ তারিখের নির্বাচনে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তুলুন।”
সভায় বক্তারা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও একটি মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।