চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বিশুদ্ধ পানির সরবরাহ সম্প্রসারণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, মশক নিধন ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনাকে বাজেটের অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌর কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ছেংগারচর পৌরসভার প্রশাসক ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি আনুষ্ঠানিকভাবে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরে পৌরসভার মোট প্রক্ষেপিত বাজেট ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে উপাংশ-১ এ গৃহকর, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ট্রেড লাইসেন্স ফি, নকশা ও সংশ্লিষ্ট ফি, হাট-বাজার ইজারা এবং অন্যান্য সেবা থেকে ৬ কোটি ১ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা এবং পানি শাখা থেকে ২৩ লাখ টাকা আয় ধরা হয়েছে। ফলে মোট রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা।
অন্যদিকে রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে বেতন-ভাতা, অফিস পরিচালনা, জরুরি মেরামত, আপ্যায়ন, জ্বালানি, যানবাহন রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে ৩ কোটি ৬৩ লাখ টাকা এবং পানি শাখায় ২৩ লাখ টাকা ব্যয়সহ মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকা।
এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ২৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৩৪০ টাকা উন্নয়ন সহায়তা প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৩০ লাখ টাকা।
বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পুরোনো পানির লাইন সংস্কার এবং প্রয়োজনীয় এলাকায় নতুন লাইন সম্প্রসারণের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, পৌর এলাকার ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, ছেংগারচর বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নাগরিক সেবার মান উন্নয়ন ও একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং আধুনিক পৌরসভা গড়ে তুলতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহা সুফিয়ান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন’সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।