সবাইকে সঙ্গে নিয়ে কোটচাঁদপুর উপজেলাকে ডেঙ্গুমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ইউএনও শামীম হোসাইন বলেন, প্রতিবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যান এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হন। ডেঙ্গুর বিস্তার রোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কোটচাঁদপুরেও এ কার্যক্রম শুরু করা হলো।
তিনি বলেন, উপজেলার সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধের এ অভিযান পরিচালনা করা হবে। ধাপে ধাপে চলবে তিন মাসব্যাপী এই কর্মসূচি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম হোসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আইন রয়েছে। জনসচেতনতা তৈরির পরও কেউ যদি আইন অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক শিক্ষক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক এবং শহীদুল ইসলাম ভুঁইয়া।
এ ছাড়া উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।