চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, সেবা প্রদান প্রক্রিয়া এবং অফিস ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে জনকল্যাণমুখী, স্বচ্ছ ও মানবিক প্রশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। এছাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলমসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন প্রশাসনিক একক। তৃণমূল পর্যায়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যেই সরকার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) চালু করেছে।
তিনি সরকারি সেবার মান আরও উন্নত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন স্থানীয় প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।