চলছে শীত মৌসুম। খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার বুড়িচং উপজেলার গাছিরা।
খেজুর রসের অনেক চাহিদা থাকায় বেশ ভালো আয় হচ্ছে এসব মৌসুমি গাছিদের।
শীতের আগমনের সঙ্গে সঙ্গে রস সংগ্রহে প্রতিযোগিতায় মেতে উঠেছেন গাছিরা। সারা বছর অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও বুড়িচংয়ের বিভিন্ন গ্রামগঞ্জে খেজুর গাছের এখন কদর বেড়েছে। তবে দিন দিন খেজুর গাছের পরিমাণ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী রস পাওয়া যাচ্ছে না বলে গাছিরা জানিয়েছেন।
এমনি একজন গাছির সন্ধান মিলেছে পীরযাত্রাপুর ইউনিয়নের দঃ শ্যামপুর গ্রামের।
রমিজ মিয়া জানান , দিন দিন খেজুর গাছ হারিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবছর শীত মৌসুমে খেজুরের রস, গুড়, পাটালির চাহিদা ঠিকই থাকে। গাছ কমে যাওয়ায় রস কম পাওয়া যাচ্ছে, কিন্তু চাহিদা বেশি থাকায় এর দাম বাড়ছে। যে পরিমাণ রস সংগ্রহ হয়, তা চাহিদার তুলনায় অপ্রতুল।
তিনি জানান, তার আওতায় ২০টি খেজুরগাছ আছে। প্রতি ভার রস ১০০ থেকে ২০০ টাকা বিক্রি হয়। প্রতিদিন গড়ে তার আয় হয় ১ হাজার ১৫০০টাকা।
শীত মৌসুমে বেশ টাকা রোজগার হওয়ায় খুব খুশি রমিজ মিয়া । শীত শেষ হলে তিনি অন্য পেশায় ফিরে যাবেন।