বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় তিনটি ট্রলিংবোটসহ ৩৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৪ মার্চ) রাতে বরগুনার পাথরঘাটাসংলগ্ন সাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেলে বরগুনার পাথরঘাটাসংলগ্ন বঙ্গোপসাগরে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিংবোট ব্যবহার করে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অভিযান চালিয়ে ‘এফবি মায়ের দোয়া–২৭’, ‘এফবি সীমা–২’ এবং ‘এফবি আসমা’ নামের তিনটি ট্রলিংবোটসহ ৩৭ জেলেকে আটক করে।
আটক ট্রলিংবোটগুলো বৃহস্পতিবার রাতে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে নেওয়া হয়। পরে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে মোংলা ফেরিঘাট এলাকায় তিনটি ট্রলিংবোট ও ৩৭ জেলেকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ট্রলিংবোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশনা পেলে মাছ নিলামে বিক্রি করা হতে পারে অথবা সাগর থেকে অবৈধভাবে আহরণ করা মাছ মোংলা উপজেলা ও আশপাশের এলাকার এতিমখানাগুলোতে বিতরণ করা হতে পারে।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, “কোস্ট গার্ড বঙ্গোপসাগর থেকে তিনটি নিষিদ্ধ মাছ ধরার নৌকা আটক করে আসামিসহ থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”