April 6, 2026, 8:46 pm

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায়  নিষেধাজ্ঞা জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

‎বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় টানা ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

‎সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ বিশেষ করে ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। উৎপাদন বাড়লে বাজারে সরবরাহও বাড়বে, ফলে দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে এই জনপ্রিয় মাছ।

‎এছাড়া ইলিশের প্রজনন ও জাটকা সংরক্ষণে সচেতনতা বাড়াতে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং চাঁদপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

‎মন্ত্রী আরও বলেন, জাটকা নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি, যাতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

‎সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলেদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে খাদ্য সহায়তার পাশাপাশি অতিরিক্ত সুবিধাও দেওয়া হতে পারে।

‎তিনি আরও সতর্ক করে বলেন, জেলেদের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা