বাগেরহাটের শরণখোলা উপজেলার খুঁড়িয়াখালী গ্রাম থেকে একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে হরিণটি নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়ে এবং স্থানীয় বাসিন্দা জামাল মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে অথবা দলছুট হয়ে হরিণটি বন থেকে লোকালয়ে চলে আসে।
খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, ভেজা শরীরে আতঙ্কিত অবস্থায় হরিণটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। পরে গ্রামবাসীর সহযোগিতায় সেটিকে নিরাপদে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন প্রায় ২৫ কেজি। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে সেটিকে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলকভাবে ভীতু স্বভাবের। হঠাৎ ভয় বা আতঙ্কে তারা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে। তবে প্রশিক্ষিত দলের দ্রুত তৎপরতায় হরিণটিকে সুস্থ অবস্থায় উদ্ধার ও বনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ঘটনায় দ্রুত বনবিভাগকে অবহিত করলে বন্যপ্রাণী রক্ষা করা সহজ হয় এবং মানুষ ও প্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।