May 26, 2026, 7:15 pm
শিরোনামঃ
সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের চেষ্টা: আত্মসমর্পণ করা ‘ছোট সুমন’ বাহিনীর ২ সদস্য অস্ত্রসহ আটক সংঘর্ষে চোখ হারানো যুবদল নেতা মামুন সরকারের অস্ত্রোপচার সম্পন্ন, সুস্থতার জন্য দোয়া কামনা বাবা-মা ফিরছিল ঈদ করতে, তার আগেই গাছচাপায় প্রাণ হারাল শিশু ফয়েজ মতলবে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপন আধুনিকতা ও স্বাধীনতার নামে প্রজন্মের ‘মা’ ধ্বংসের নীলনকশা! সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ আটক ৩, উদ্ধার ৪ জেলে সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চান এমপি ড. জালাল উদ্দিন শিয়া–সুন্নি বিভাজন : ইতিহাস, বাস্তবতা ও মুসলিম উম্মাহর সংকট

বাবা-মা ফিরছিল ঈদ করতে, তার আগেই গাছচাপায় প্রাণ হারাল শিশু ফয়েজ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাচার ঘরে দাদী মমিনা খাতুনের পাশে ঘুমিয়ে ছিল ছোট্ট ফয়েজ। আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আযহা। নারায়ণগঞ্জ থেকে বাবা-মায়ের বাড়ি ফেরার কথা ছিল বিকেলেই। ছেলের জন্য নতুন পোশাকও কিনেছিলেন তারা। কিন্তু ঈদের আনন্দ ঘিরে থাকা সেই পরিবারের ঘরে ভোররাতে নেমে আসে ভয়াবহ শোক।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে প্রবল ঝড়-তুফানে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মো. ফয়েজ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোররাতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়েজ টরকীকান্দা গ্রামের আবু তাহেরের ছেলে এবং ৮২নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে প্রবল ঝড় ও দমকা হাওয়ার সময় ফয়েজ দাদী মমিনা খাতুনের সঙ্গে চাচার ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ একটি বড় গাছ উপড়ে ঘরের ওপর ভেঙে পড়ে। গাছের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু ফয়েজ। ফজরের নামাজ পড়তে গিয়ে বেঁচে যায় দাদী মমিনা খাতুন।

পরিবার সূত্রে জানা গেছে, ফয়েজের বাবা আবু তাহের নারায়ণগঞ্জে অটোরিকশা চালান। মা-বাবা সেখানে বসবাস করলেও সন্তানের লেখাপড়ার সুবিধার্থে তাকে গ্রামের বাড়িতে দাদীর কাছে রেখে গিয়েছিলেন। ঈদ উপলক্ষে ছেলেকে নিয়ে আনন্দ করার স্বপ্ন ছিল বাবা-মায়ের। কিন্তু বাড়ি ফেরার আগেই ছেলের মৃত্যুর খবর পৌঁছে যায় তাদের কাছে।

নিহতের দাদী মমিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাতে আমার পাশে ঘুমাইছিল আমার নাতি ফয়েজ। ভোরে ফজরের আজান আর তুফানের শব্দে আমার ঘুম ভাঙে। আমি ওরে উঠতে বলছিলাম। তখন সে কইছিল, আমি একটু পরে উঠতেছি। এরপর আমি দরজা খুলে বাইরের দিকে তাকাইতেই হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই একটা বড় গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। গাছটা সরাসরি আমার নাতির গায়ের ওপর পড়ে। আমার চোখের সামনেই সব শেষ হইয়া গেল। আমার নাতিডারে আর বাঁচাইতে পারলাম না।

বাবা আবু তাহের বলেন, ছেলের জন্য ঈদের নতুন জামা কিনছিলাম। বিকালে বাড়ি আসার কথা ছিল। আল্লাহ আমার সব শেষ কইরা দিল।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে টরকীকান্দা গ্রাম। প্রতিবেশীরা জানান, শান্ত ও ভদ্র স্বভাবের ফয়েজ সবার প্রিয় ছিল। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যতটুকু জেনেছি পরিবারটি অসহায়। সরকারিভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা