চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ইমামপুর মুন্সী বাড়ির কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের বীর সন্তান ও ষাটনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়া (৮০) ইন্তেকাল করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চাঁদপুরের পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।বিউগলে করুন সুর বাজানো হয়।
এ সময় মতলব উত্তর থানার ওসি রবিউল হক, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ওবাইদুর রহমান টিপু’সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশ নেন।
ষাটনল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার জানান, আঃ হক মিয়ার মৃত্যুতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোক বার্তা জানানো হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আঃ হক মিয়া ষাটনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি জীবদ্দশায় সমাজ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।