চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা রুটি খেয়ে এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার প্রভাতী শিশুকানন মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীর নাম ইসরাত জাহান, সে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
শিক্ষার্থীর বাবা কামাল হোসেন প্রধান জানান, বাড়িতে এসে দেখি আমার মেয়ে বমি করছে। পরে জিজ্ঞাসা করলে সে জানায়, স্কুলে দেওয়া রুটি খেয়ে তার এমন অবস্থা হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিই। পরে প্যাকেটে থাকা আরেকটি রুটি দেখে বুঝতে পারি সেটি পচা ও দুর্গন্ধযুক্ত ছিল।
তিনি আরও অভিযোগ করে বলেন, যদি শিক্ষার্থীদের এমন পঁচা ও নষ্ট খাবার দেওয়া হয়, তাহলে তাদের স্বাস্থ্যের জন্য তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা আক্তার বলেন, প্রত্যাশী সংস্থার কর্মীরা যে রুটির বক্স আমাদের কাছে সরবরাহ করেছে, সেখান থেকেই আমরা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। আমরা বুঝতে পারিনি যে রুটির মধ্যে খারাপ কিছু ছিল। পরবর্তীতে শুনেছি এক শিক্ষার্থী অসুস্থ হয়েছে। বিষয়টি অভিভাবকদের কাছ থেকে জেনে আমরা গুরুত্ব সহকারে দেখছি।
এ ঘটনায় সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা ‘প্রত্যাশী’র মতলব উত্তর প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মতলব উত্তর উপজেলায় গত ২৯ মার্চ থেকে ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাঁচ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।