চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব ফতেহপুর ইউনিয়নের শাহবাজকান্দি এলাকার মুন্সিবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহবাজকান্দি গ্রামের আব্দুর রশিদ মুন্সীর পশ্চিম ভিটির একটি দু-চালা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে মো. ফয়সাল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুর রশিদ মুন্সীর ছেলে।
অভিযানকালে তার দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।