মধ্যনগর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-১ (২২৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, যিনি ‘হাওর বন্ধু’ নামে পরিচিত।
সভায় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু, কৃষি প্রতিনিধি এনামুল হক, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল ছাত্তার, চামরদানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিপ্লব চৌধুরী, উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল ও উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন। তিনি হাওরাঞ্চলের ভৌগোলিক চ্যালেঞ্জ, মৌসুমি বন্যা পরিস্থিতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন। বিশেষ করে কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করে মধ্যনগরকে একটি আধুনিক ও সেবাবান্ধব উপজেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।