বাগেরহাটের মোংলা উপজেলায় ফসলি জমিতে বালু ভরাটের প্রতিবাদে এবং বকেয়া ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা। এ সময় তারা দাবি আদায়ে ৭ কার্যদিবসের আল্টিমেটাম ঘোষণা করেন।
শনিবার চিলা ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় ‘চিলা ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি’র আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে কয়েকশ’ কৃষক অংশ নেন। তারা অভিযোগ করেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদী খনন প্রকল্পের বালু ফেলার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তাদের ফসলি জমি, চিংড়ি ঘের এবং বসতভিটা।
কৃষকদের দাবি, প্রায় ৩২৩ একর জমি বালু ভরাটের কারণে নষ্ট হয়ে গেছে বা ধ্বংসের মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক হুমায়ুন কবির ও আলম গাজী জানান, গত তিন বছর ধরে জেলা প্রশাসন তাদের জমি হুকুমদখল করে রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি।
সমাবেশে বক্তারা বলেন, দ্রুত ক্ষতিপূরণ পরিশোধ না করলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। ৭ কার্যদিবসের মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশন, ভূমি অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। একই সঙ্গে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জমিতে নতুন করে বালু ফেলার বিরোধিতা করবেন বলেও জানান।
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, বন্দর কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
কৃষকদের অভিযোগ ও প্রশাসনের আশ্বাসের মধ্যে বিষয়টি এখন সমাধানের অপেক্ষায় রয়েছে।