April 6, 2026, 8:49 pm

সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবন-এ অভিযান চালিয়ে ৪ হাজার ফুট ফাঁদসহ ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (৪ এপ্রিল) সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী ডিমের চর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ফুট মালাফাঁদ, মাংস পরিমাপের দাড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের বাসিন্দা এবং রুস্তম আলী খানের ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে নিয়মিত টহলকালে কচিখালীর ডিমের চর এলাকায় বনের ভেতরে পাতা মালাফাঁদ দেখতে পান বনরক্ষীরা। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ছগির খানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ফাঁদ ছাড়াও প্লাস্টিকের বস্তা, চাল-ডালসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী জব্দ করা হয়।

তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও ৫ জন শিকারি পালিয়ে যায় বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা