November 22, 2026, 4:17 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান।

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে সাত দিনব্যাপী এ মেলার প্রতিপাদ্য—‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের খসড়া জাতীয় এসএমই নীতি-২০২৬-এ এ খাতের অবদান দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এভাবে চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্যোক্তাদের শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বৃহৎ শিল্পের সরবরাহব্যবস্থা, উৎপাদনশৃঙ্খল এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে মূলধনের সংকট, প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের ঘাটতি এবং বাজারজাতকরণের সমস্যার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসব সমস্যা মোকাবিলায় সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রসার এবং আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রগুলোতে বাংলাদেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।

এবারের মেলায় ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অংশ নিচ্ছে। প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের পরিচালিত। মেলায় ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের পণ্য প্রদর্শন করছেন। দেশীয় পাদুকা, চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্তশিল্প, ফ্যাশন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, ভেষজ সামগ্রী, গয়না, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক পণ্য স্থান পেয়েছে। মেলাটি ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ বিনামূল্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা