প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, মর্যাদাপূর্ণ ও বিশ্বমঞ্চে দৃষ্টান্তমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।
শনিবার সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব মুক্তিযোদ্ধাদের বীরত্বের স্বীকৃতি। তবে কোনো খেতাবের চেয়েও বড় বিষয় হলো একটি জাতির স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করার গৌরব।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাঁরা সবাই স্বাধীনতার গৌরবের অংশীদার। তাঁদের ত্যাগের বিনিময়েই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের বয়স বেড়েছে, অনেকেই জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছেন; কিন্তু তাঁদের চোখে এখনো স্বাধীনতার দীপ্তি রয়েছে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। তাঁদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে রাষ্ট্র সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ও মুক্তিযোদ্ধাদের সাফল্য তাঁকে গভীরভাবে আবেগাপ্লুত করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এর আগে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।