দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে তরুণদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
আজ শনিবার ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামী ২২ নভেম্বর থেকে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা শুরু হওয়ার কথা রয়েছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে মেলাটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের উৎপাদন খাতকে সম্প্রসারিত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের বিকাশে ভূমিকা রাখছে। এ খাতের উদ্যোক্তারা নতুন পণ্য তৈরি, স্থানীয় বাজার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছেন। বিশেষ করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসএমই খাতের সুযোগ কাজে লাগানো প্রয়োজন।
মেলায় দেশীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শন, উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতা ও বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপন এবং নতুন বাজার অনুসন্ধানের সুযোগ থাকবে বলে আশা করা হচ্ছে। আয়োজকদের মতে, এ ধরনের মেলা ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি বাড়াতে এবং ব্যবসায়িক সংযোগ তৈরিতে সহায়তা করতে পারে।
প্রধানমন্ত্রী মেলাটির সফলতা কামনা করে বলেন, স্থানীয় শিল্পের বিকাশ ও দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।