বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে নিজ দেশের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন।
আজ সোমবার ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা সুরক্ষা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, অভিযুক্ত কর্মকর্তার নামের শেষ অংশ শুধু ‘মা’ হিসেবে প্রকাশ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিদেশে দায়িত্ব পালনের সময় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা তাঁকে নিয়োগ করে। পরে দেশে ফিরে তিনি ওই সংস্থার নির্দেশনায় শতাধিক গোয়েন্দা প্রতিবেদন পাঠান। এর মধ্যে ৩৫টি তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তা এ কাজের বিনিময়ে এক মিলিয়ন ইউয়ানের বেশি অর্থ পেয়েছেন বলেও চীনা সূত্রের বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
তবে রয়টার্স জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির পরিচয়, সংশ্লিষ্ট বিদেশি গোয়েন্দা সংস্থার নাম এবং বিচারপ্রক্রিয়ার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, সে তথ্যও নিশ্চিত নয়।
ঘটনাটি চীনের জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা কার্যক্রম এবং বিদেশি রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: Reuters