মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও বিস্তৃত হয়েছে।
বুধবার ভোরে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বাহরাইনের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে এই সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা চালানো হয়।
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি।
অন্যদিকে বাহরাইনে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়। বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের কয়েকটি হামলা প্রতিহত করেছে।
এর আগে মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে মার্কিন যুদ্ধবিমান হামলা চালায়। বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনার ওপর ইরানের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে বলে এপি জানিয়েছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফলে দেশটিতে হামলার ঘটনা মার্কিন সামরিক উপস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজ চলাচলও ঝুঁকির মুখে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক জানিয়েছে, মঙ্গলবার প্রণালিতে একটি ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিখোঁজ এবং ১১ জন আহত হয়েছেন।
অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে অগ্রসর হওয়ার সময় প্রতিহত করা হয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর এই ঘটনা ঘটে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কূটনৈতিক মধ্যস্থতার উদ্যোগ চললেও সংঘাতের স্থায়ী সমাধান এখনো দৃশ্যমান নয়।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস