সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে ভারত কিংবা অন্য কোনো দেশ শর্ত আরোপ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করবে। এ বিষয়ে কোনো বিদেশি রাষ্ট্রের অন্যায্য শর্ত মেনে নেওয়া হবে না।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিতে পারে। এর মধ্যে একটি হলো, তাঁকে সামরিক অভ্যর্থনার মাধ্যমে গ্রহণ করা এবং অন্যটি হলো, দেশে ফেরার পর বিচারিক প্রক্রিয়ায় আপিলের সুযোগ ও নতুন বিচারের নিশ্চয়তা দেওয়া।
এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, কোনো বাংলাদেশি নাগরিকের বিচার কীভাবে পরিচালিত হবে, তা বাংলাদেশের নিজস্ব আইন দ্বারা নির্ধারিত হবে। ভারত বা অন্য কোনো দেশ বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া নির্ধারণ করতে পারে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। দেশে ফিরলে তাঁর বিচার প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করে সাজা দেন। তিনি ওই অভিযোগ ও বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন।
এদিকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও এর আগে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের সঙ্গে কোনো শর্তসংক্রান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছিলেন।