October 14, 2026, 11:27 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি ; মতলব উত্তরের জনজীবনে ফিরে এলো প্রাণচাঞ্চল্য

মমিনুল ইসলাম:
Oplus_131072

দীর্ঘ কয়েকদিনের তীব্র তাপদাহের পর গতকাল দুপুরে হঠাৎ এক দফা প্রবল বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবনে এই বৃষ্টি যেন এক নির্মল প্রশান্তির পরশ বয়ে এনেছে।

বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসায় হাঁসফাঁস করা মানুষজন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। দিনের পর দিন সূর্যের প্রচণ্ড তাপে কর্মস্থলে যেতে কষ্ট হচ্ছিল সাধারণ মানুষদের। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও রিকশাচালকদের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল এই আবহাওয়া।

বৃষ্টির জেরে শিশুরা, তরুণরা এবং সাধারণ মানুষ আনন্দে ভিজেছে। বিভিন্ন হাট-বাজারে গত কদিনের তুলনায় আজ ভিড় দেখা গেছে বেশি। গরম কমায় মানুষজন স্বাচ্ছন্দ্যবোধ করছেন বাইরে চলাফেরায়।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি মৌসুমি বায়ুর প্রভাব। আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

স্থানীয় দিনমজুর আব্দুল জলিল বলেন, “এই কয়দিন তাপের মধ্যে কামে বাইর হওয়া খুব কষ্ট আছিল। মাথার উপরে আগুন আর পকেট ফাঁকা। এই বৃষ্টি একটু শান্তি দিছে। এখন অন্তত ঠান্ডা বাতাস পাইতেছি।”

স্থানীয় রিকশাচালক আলমগীর হোসেন বলেন, “গত কদিন রিকশা চালানোই যাচ্ছিল না। রাস্তায় নামলেই শরীর গরমে কাঁপত। যাত্রীও কম ছিল। এখন বৃষ্টি হইছে, বাতাস ঠান্ডা হইছে। আজকে দুপুর থেকে একটু বেশি যাত্রী পাইতেছি। আয়-রোজগারটা কিছুটা বাড়ছে, আলহামদুলিল্লাহ।”

মতলব উত্তর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আল-আমিন বলেন, “টানা খরার কারণে কৃষকরা দুশ্চিন্তায় ছিলেন। জমিতে পানির অভাবে ধানের চারা রোপন ও অন্যান্য আবাদে সমস্যা হচ্ছিল। এই বৃষ্টিতে জমির আর্দ্রতা ফিরবে এবং বীজতলা তৈরিতে সুবিধা হবে। তবে ধারাবাহিক বৃষ্টির প্রয়োজন আছে।”

জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন জানান, “ছাত্রছাত্রীদের ক্লাসে মন বসছিল না। গরমে সবাই অস্থির ছিল। আজ একটু শান্ত পরিবেশ তৈরি হয়েছে। আশা করছি সামনে আরও কিছুটা বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোবারক হোসেন জানান, গরমের কারণে হিটস্ট্রোক ও পানিশূন্যতার রোগী বেড়ে গিয়েছিল। এখন আবহাওয়া স্বাভাবিক হলে এসব সমস্যা কিছুটা কমে আসবে বলে আশা করা যায়।

মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, “গত কয়েক দিনের প্রচণ্ড গরমে অনেক খামারে গবাদি পশু ও পোল্ট্রির স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে মুরগির খামারগুলোতে হিটস্ট্রোক ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন বৃষ্টির ফলে তাপমাত্রা কমে যাওয়ায় এই সমস্যা কিছুটা প্রশমিত হবে। তবে খামারিদের সতর্ক থাকতে হবে—পানি সরবরাহ, পর্যাপ্ত বায়ু চলাচল এবং খামারে ছায়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা মাঠপর্যায়ে পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি।”

হঠাৎ করে হওয়া এই বৃষ্টি মতলব উত্তরবাসীর জন্য যেন প্রকৃতির উপহার। মানুষজন এখন প্রাকৃতিক স্বস্তিতে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরছে, তবে তারা চায় এই স্বস্তি যেন স্থায়ী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা