বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করতে ১৮ ফেরুয়ারি ২০২৬, বুধবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়। অংশ গ্রহণ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইন ও মানবাধিকার, ফার্মেসি, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, ব্যবসা ও আইন অনুষদের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামানসহ বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা আবু জাফর মো. সাদী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ও ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের এক অনন্য ক্ষেত্র। এখানে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) তাঁর বক্তব্যে বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ রাজনীতি-মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হবে জ্ঞানার্জন, গবেষণা ও আত্মোন্নয়ন। আমি প্রত্যাশা করি, নবীন শিক্ষার্থীরা নিষ্ঠা, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে অধ্যয়ন ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেদের দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখবে।’
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর ও শিক্ষার্থীরাও বক্তব্য প্রদান করেন। শেষাংশে ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বাইতুল মোকাদ্দেসুর রহমান সমাপনী বক্তব্য রাখেন এবং প্রথম পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।