বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে চার মাস পর দেশে ফিরছেন।
গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশের পথে যাত্রা শুরু করেছেন তিনি। এই সময় তাঁর সঙ্গী রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এর আগে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে রওনা করে ৭টা ৪০ মিনিটে হিথরো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। ছেলে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন বিমানবন্দরে।
গত ৮ জানুয়ারি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।