মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সিবিএ নেতারা।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিবিএ নির্বাচনে বিজয়ী নেতারা এ সময় চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বৈঠকে বন্দরের আয় বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সিবিএ নেতারা শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। এর মধ্যে মাঠপর্যায়ের কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বন্দর কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিকভাবে কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেয়।
বৈঠকে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্দরের সক্ষমতা ও আয় বাড়াতে কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি রাজস্ব আহরণ বাড়ানো, অপচয় রোধ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বন্দরের সদস্য (হারবার ও মেরিন), পরিচালক (প্রশাসন), প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স), পরিচালক (বোর্ড), ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক এবং উপপরিচালক (জনসংযোগ)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত সিবিএ নেতারা বন্দরের স্বার্থে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।