চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষক, অতিথি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ( অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বোরহান উদ্দিন বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল আমিন রহমান প্রধান, বিদ্যোৎসাহী সদস্য মো. আফজাল হোসেন, মো. সফিকুল ইসলাম, মো. লিয়াকত হোসেন এবং হিতৈষী সদস্য মো. আরিফ হোসেন।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ অনুষ্ঠান।