আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, মুফতী মানসুর আহমদ সাকীর সাথে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
গতকাল শনিবার (২ আগস্ট ২০২৫) মোহনপুর ইউনিয়ন অফিসে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানসুর আহমদ সাকী বলেন, সুশাসন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দেশের আপামর জনতার হৃদয়ের প্রতীক হচ্ছে হাতপাখা। রাজনীতি থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্র দূর করতে হলে ইসলামপন্থী নেতৃত্বকে বেছে নিতে হবে। ইসলামই শান্তি, ইসলামই সমাধান। জনগণ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের প্রতিনিধিত্ব করছি।
তিনি আরও বলেন, আমার জীবন দেশ ও ইসলামের জন্য উৎসর্গ করেছি। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি, ইনশাআল্লাহ বিজয় হবেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর, কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলাম সুজন, উপজেলা সেক্রেটারি মুহাম্মাদ ডালিম চৌধুরী, সহ-সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা আতাউল্লাহ মহসিন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইয়াসিন আহমদসহ ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এখন প্রয়োজন আদর্শিক নেতৃত্বের উত্থান। জনগণের অধিকার আদায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের ঐক্য গড়ে তোলা হবে।