চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামে ঠিকাদার মো. গোলাম কিবরিয়া (স্বপন দেওয়ানজী)-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও খুনি আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উত্তর টরকী এলাকায় আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি কামরুল ইসলাম। সভা পরিচালনা করেন আল-আমিন বাবু।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঠিকাদার মো. গোলাম কিবরিয়া (স্বপন দেওয়ানজী), সেলিম সরকার, মো. লতিফ মেম্বার, মো. দুলাল সরকার, আব্দুল ছাত্তার মাস্টার, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. লিটন সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মোতালেব মেম্বার, গোলাম মোস্তফা, দুলাল মেম্বার, নজরুল ইসলাম’সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে স্বপন দেওয়ানজীর বিরুদ্ধে চাঁদাবাজি, খুনিসহ বিভিন্ন ধরনের অভিযোগ ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল ব্যক্তিগত স্বার্থে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে তারা দাবি করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে স্বপন দেওয়ানজী বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে যে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে, তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সত্য ঘটনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে এবং আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি সব সময় এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
স্বপন দেওয়ানজী মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না।
সভায় বক্তারা প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তারা উন্নয়ন কর্মকাণ্ডকে বিতর্কিত না করে এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি উত্তর টরকী এলাকায় সড়ক প্রশস্তকরণ কাজকে কেন্দ্র করে এক প্রবাসী পরিবারের সীমানা প্রাচীর ভাঙার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে ঠিকাদার স্বপন দেওয়ানজীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগও উত্থাপন করা হয়। পরবর্তীতে তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগগুলো অস্বীকার করেন। সর্বশেষ বৃহস্পতিবার তার সমর্থনে এলাকাবাসী এ প্রতিবাদ সভার আয়োজন করে।