জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হাসিনার উপস্থিতিতে গণভবনে আজ রোববার (২৩ জুন) সকালে তিনি দায়িত্ব নেন বলে আইএসপিআর জানিয়েছে।
তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
এই সময় নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল হিসেবে পদোন্নতি ও সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়ে ১১ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণলায়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন ২০২৪ তারিখ অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীসমূহে প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যানা সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে ৩ (তিন) বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
গত বছরের ২৯ ডিসেম্বর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।
১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভের পর সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকার-উজ-জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রতিরক্ষা সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।