চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা সংরক্ষণে অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলাকালে যাত্রীবাহী গাড়ি, ঢাকাগামী ট্রাক এবং পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছ তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম আনোয়ারুল হক, এবং উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা নিধন রোধে আমরা প্রতিদিনই নদী ও স্থলপথে অভিযান চালাচ্ছি। সড়কপথে পরিবহনের মাধ্যমে জাটকা পাচার বেড়ে যাওয়ায় এই রুটে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। আমাদের লক্ষ্য নিষিদ্ধ সময়ে কোনোভাবেই জাটকা ধরা, পরিবহন বা বিক্রি হতে না পারে।
তিনি আরও বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলমান জাটকা সংরক্ষণ অভিযানকে সফল করতে কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমরা জেলেদের সচেতন করছি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।