রাজনীতির জগতে একটি মৌলিক সত্য আছে, কিন্তু সেই সত্যটি আমাদের সমাজের বহু নেতা বুঝতে পারেন না বা বুঝলেও মানতে চান না। সেই সত্যটি হলো—নেতা হওয়ার জন্য কর্মী প্রয়োজন, কিন্তু কর্মী হওয়ার জন্য কোনো নির্দিষ্ট নেতা প্রয়োজন হয় না; প্রয়োজন হয় একটি আদর্শভিত্তিক সংগঠন। সংগঠনই রাজনীতির প্রাণ, আর কর্মীরাই সেই প্রাণকে সচল রাখে। অথচ বাস্তবতা হলো, আমাদের দেশের অনেক রাজনীতিক মনে করেন নেতৃত্ব যেন জন্মগত কোনো অধিকার। তারা ভাবেন, তারা জন্মগত নেতা, তাদের নেতৃত্বের জন্য মানুষ অপেক্ষা করে আছে। কিন্তু এই চিন্তা আসলে বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এটি এমন এক ধরনের অহংকারপূর্ণ ভাবনা, যা শেষ পর্যন্ত রাজনীতিকেই দুর্বল করে তোলে।
রাজনীতির ইতিহাস যদি একটু গভীরভাবে দেখা যায়, তাহলে বোঝা যায় যে নেতৃত্ব কখনো এককভাবে টিকে থাকে না। একজন মানুষের ব্যক্তিগত জনপ্রিয়তা থাকতে পারে, তার বক্তৃতা মানুষকে আকৃষ্ট করতে পারে, কিন্তু যদি তার পেছনে সংগঠিত কর্মীবাহিনী না থাকে, তাহলে সেই জনপ্রিয়তা খুব দ্রুতই ম্লান হয়ে যায়। পৃথিবীর বহু দেশে এমন বহু নেতা ছিলেন, যারা ব্যক্তিগতভাবে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী ছিলেন, কিন্তু তাদের পাশে সৎ, আদর্শবান ও নিবেদিত কর্মীবাহিনী ছিল না। ফলে সময়ের স্রোতে তারা হারিয়ে গেছেন, ইতিহাসের নর্দমায় নিক্ষিপ্ত হয়েছেন। কারণ রাজনীতি এমন একটি ক্ষেত্র যেখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়, আর সংগঠনের চেয়ে বড় হলো আদর্শ।
অন্যদিকে কর্মীদের ক্ষেত্রে দৃশ্যটি সম্পূর্ণ ভিন্ন। একজন কর্মী যদি আদর্শে বিশ্বাসী হন এবং সংগঠনের প্রতি নিবেদিত থাকেন, তাহলে নেতৃত্বের পরিবর্তন হলেও তার কাজ থেমে থাকে না। কারণ তার শক্তি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না; তার শক্তি আসে সংগঠনের আদর্শ থেকে। তাই একজন কর্মী একটি সংগঠনের ভিতকে শক্ত করে তোলে, আর সেই ভিতের ওপর দাঁড়িয়েই নেতৃত্ব গড়ে ওঠে। কিন্তু যখন নেতৃত্ব এই সত্যটি ভুলে যায়, তখনই সংগঠনের ভেতরে সমস্যা শুরু হয়।
আমাদের দেশের অনেক অঞ্চলে রাজনীতির একটি অদ্ভুত সংস্কৃতি তৈরি হয়েছে। কিছু মানুষ মনে করেন রাজনীতি যেন তাদের পারিবারিক সম্পত্তি। তারা মনে করেন, তাদের পরিবার বহু বছর ধরে রাজনীতি করছে, তাই রাজনীতির অধিকার যেন কেবল তাদেরই। অন্যরা সেখানে কেবল ভাড়াটে কর্মী বা অনুসারী। এই ধরনের চিন্তা শুধু অহংকারের পরিচয়ই দেয় না, এটি রাজনীতির মূল চেতনাকেও ধ্বংস করে। কারণ রাজনীতি কখনো কোনো পরিবারের সম্পত্তি হতে পারে না। রাজনীতি হলো জনগণের অধিকার, জনগণের অংশগ্রহণ এবং জনগণের আস্থার ওপর দাঁড়ানো একটি সামাজিক প্রক্রিয়া। এই ধরনের মানসিকতার আরেকটি বড় সমস্যা হলো, এতে প্রকৃত কর্মীদের মূল্যায়ন করা হয় না। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় নেতারা সংগঠনের নিবেদিত কর্মীদের চেয়ে চাটুকার ও দালাল শ্রেণীকে বেশি গুরুত্ব দেন। কারণ চাটুকাররা সব সময় নেতাকে খুশি রাখে। তারা নেতার ভুলকে ভুল বলে না, বরং সেই ভুলকেই সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে। ফলে নেতা ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি মনে করতে শুরু করেন যে তার চারপাশে সবকিছু ঠিকঠাক চলছে, সবাই তাকে সমর্থন করছে। কিন্তু বাস্তবতা তখন সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
চাটুকার আর দালাল শ্রেণীর একটি বড় বৈশিষ্ট্য হলো তারা কখনোই আদর্শের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে ব্যক্তিগত স্বার্থের জন্য। যখন ক্ষমতা থাকে, তখন তারা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। নেতার পাশে থেকে তোষামোদ করে, প্রশংসা করে, নানা ধরনের সুবিধা নেয়। কিন্তু যখন কোনো সংকট আসে, তখন তারা সবার আগে পালিয়ে যায়। তারা কখনোই বিপদের সময় নেতার পাশে দাঁড়ায় না। কারণ তাদের কাছে আদর্শ বা সংগঠনের মূল্য নেই; তাদের কাছে মূল্যবান কেবল ব্যক্তিগত লাভ।
অন্যদিকে প্রকৃত কর্মীরা সম্পূর্ণ ভিন্ন। তারা রাজনীতি করে বিশ্বাস থেকে, আদর্শ থেকে। তারা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং সংগঠনের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে কাজ করে। তারা মানুষের কাছে যায়, মানুষের সমস্যার কথা শোনে, মানুষের জন্য কাজ করে। তারা সংগঠনের ভিত্তিকে শক্ত করে। কিন্তু যখন এই কর্মীরা অবহেলিত হয় এবং তাদের জায়গায় চাটুকাররা গুরুত্ব পায়, তখন সংগঠন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। নেতারা অনেক সময় এই বিষয়টি বুঝতে পারেন না। তারা মনে করেন ক্ষমতা থাকলেই সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু বাস্তবতা হলো ক্ষমতা কখনো স্থায়ী নয়। ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু একটি শক্তিশালী সংগঠন থাকলে ক্ষমতা হারিয়েও মানুষ আবার ফিরে আসতে পারে। কারণ তখন তার পাশে থাকে কর্মীরা, থাকে মানুষের আস্থা। কিন্তু যদি সংগঠন দুর্বল হয়ে যায় এবং কর্মীরা দূরে সরে যায়, তাহলে সেই নেতৃত্বের কোনো মূল্যই থাকে না।
এই বাস্তবতাকে বোঝাতে একটি সহজ উদাহরণ দেওয়া যায়। একটি ছেঁড়া টাকারও বাজারে কিছু মূল্য থাকে। মানুষ সেটি বিনিময় করতে পারে, ব্যবহার করতে পারে। কিন্তু যদি কোনো নেতা তার কর্মীদের অবহেলা করেন এবং কেবল চাটুকারদের ওপর নির্ভর করেন, তাহলে জনগণের কাছে তার মূল্য সেই ছেঁড়া টাকার চেয়েও কম হয়ে যায়। কারণ তখন মানুষ বুঝতে পারে যে সেই নেতা আসলে জনগণের নেতা নন, তিনি কেবল নিজের ক্ষমতা ধরে রাখার জন্য রাজনীতি করছেন।
রাজনীতির প্রকৃত শিক্ষা হলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্ককে সংগঠনের শক্তিতে রূপান্তর করা। একজন নেতা তখনই প্রকৃত নেতা হন, যখন তিনি বুঝতে পারেন যে তার শক্তি আসে কর্মীদের শ্রম থেকে এবং জনগণের আস্থা থেকে। তিনি যদি সেই আস্থাকে সম্মান করেন, কর্মীদের মূল্য দেন এবং সংগঠনকে শক্তিশালী করেন, তাহলে তার নেতৃত্ব দীর্ঘস্থায়ী হয়। কিন্তু যদি তিনি মনে করেন নেতৃত্ব তার জন্মগত অধিকার এবং অন্যরা কেবল তার অনুসারী, তাহলে সেই নেতৃত্ব বেশি দিন টেকে না। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে অহংকারে অন্ধ নেতারা খুব দ্রুতই পতনের মুখে পড়েছেন। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই নেতৃত্বকে সমর্থন করে, যারা তাদের সম্মান করে এবং তাদের সঙ্গে নিয়ে পথ চলে।
রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করে সংগঠনভিত্তিক রাজনীতির ওপর। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি সাময়িকভাবে সফল হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা স্থায়ী হয় না। সংগঠনই রাজনীতিকে স্থায়িত্ব দেয়, কর্মীরাই তাকে প্রাণ দেয়, আর আদর্শ তাকে দিকনির্দেশনা দেয়। এই সত্যটি যদি আমাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়, তাহলে রাজনীতির চিত্র বদলে যেতে পারে। তখন নেতৃত্ব হবে দায়িত্বের প্রতীক, অহংকারের নয়। কর্মীরা হবে সম্মানের অধিকারী, অবহেলার শিকার নয়। আর সংগঠন হবে শক্তির কেন্দ্র, ব্যক্তিগত ক্ষমতার হাতিয়ার নয়।
সবশেষে বলা যায়, রাজনীতির মূল শক্তি কখনো একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেই শক্তি গড়ে ওঠে মানুষের আস্থা, সংগঠনের কাঠামো এবং কর্মীদের ত্যাগের ওপর। যে নেতা এই সত্যটি বুঝতে পারেন, তিনি দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেন। আর যে নেতা এই সত্যটি উপেক্ষা করেন, তিনি হয়তো কিছুদিন আলোচনায় থাকেন, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের অন্ধকারেই হারিয়ে যান।
লেখক :
আজম পাটোয়ারী
প্রকাশক
আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনী।