সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীরকে (৫৬) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
এ সময় তার কাছ থেকে দুটি বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) ভোররাতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট ক্যাম্প সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, গ্রেপ্তার জাহিদুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সশস্ত্র দস্যুতা এবং জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।
আজ সকালে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মুহাম্মদ নাফিস জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে দস্যু দমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ ও ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এই কুখ্যাত দস্যু সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরবনে দস্যু দমনে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।