যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৪০ পিস ডিম আমদানি করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ডিমের ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই খালাস হয় বন্দর থেকে।
ডিমের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন এবং রপ্তানিকারক ভারতের এক্সপোটার্স শ্রী লাক্সমি নারায়ণ ভান্ডার। একটি ভারতীয় ট্রাকে ১ হাজার ১০৪ কার্টন ডিম আসে। ডিমের আমদানি মূল্য দেখানো হয়েছে ১১ হাজার ১৭২.০৬ ডলার। যা বাংলাদেশি টাকায় ১৩ লাখ ৪৮ হাজার ২৪৩.৯২ টাকা।
দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি মিলেছিল।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল লতিফ গনমাধ্যমকে বলেন, ডিমের বাজারের অস্থিরতা নিরসনের জন্য আরও বেশি ডিম আমদানি দরকার। মাঝে আমদানি বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ স্বল্পমূল্যে ডিম কিনতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, বাংলাদেশি মুদ্রায় ভারতের প্রতিটি ডিমের দাম দাঁড়াচ্ছে প্রায় ৫ টাকা। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর ৩৩ শতাংশ কাস্টমস ডিউটি হিসাব করে ১ টাকা ৬৬ পয়সা যোগ হবে। সব মিলে ডিমের আমদানি মূল্য সর্বোচ্চ সাড়ে ৭ টাকা পড়বে।